এস আলমকে গ্রেফতার ও পাচার করা অর্থ ফেরতের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন
এস আলমকে গ্রেফতার ও পাচার করা অর্থ ফেরতের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন   ছবি: সংগৃহীত

অর্থ পাচারের অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলমের বিরুদ্ধে গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ। রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে একই স্থানে ছয় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধনের পরপরই গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ‘ব্যাংক দখল বন্ধ করো’, ‘কালো আইন বাতিল করো’ এবং ‘এস আলম নো মোর’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শন করেন।

সমাবেশে পরিষদের সভাপতি নুরুন নবী পাঁচ দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

প্রধান দাবির মধ্যে রয়েছে—এস আলমসহ অভিযুক্ত ব্যাংক লুটেরাদের গ্রেফতার, দেশীয় সম্পদ বাজেয়াপ্ত এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা। পাশাপাশি ব্যাংক রেজোল্যুশন আইনে যুক্ত ১৮/ক ধারা বাতিলের দাবি জানানো হয়, যা তাদের মতে লুটেরাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করছে।

বক্তারা অভিযোগ করেন, অবৈধভাবে ব্যাংক দখলের চেষ্টা ও মব সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এমন কোনো গোষ্ঠীকে ব্যাংকে প্রবেশের সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে পূর্বের মালিকদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তারা।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ দিনে জনমত গড়ে তুলতে লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দাবি ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ ও প্রকাশ, এবং জেলা-উপজেলায় মানববন্ধন, সভা-সমাবেশ ও সেমিনার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।