ব্যাংক খাতে স্বচ্ছতা আনতে বড় ধরনের সংস্কার শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক খাতে স্বচ্ছতা আনতে বড় ধরনের সংস্কার শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।   ছবি: আরটিএনএন

ব্যাংক খাতে স্বচ্ছতা আনতে বড় ধরনের সংস্কার শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোর দেয়া মৌখিক তথ্যের ভিত্তিতে নয় বরং বাজারে প্রতিদিন আসলে কী দরে লেনদেন হচ্ছে, তার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে মানি মার্কেটের সুদের হার। আন্তর্জাতিক মানদণ্ড ‘এসওএফআর’-এর আদলে দেশে নতুন এই পদ্ধতি চালু করা হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ এপ্রিল থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রতিদিন নতুন এই ‘রেফারেন্স রেট’ বা নির্দেশক হার প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী, ঋণ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইস্তেকমালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সাল থেকে দেশে ‘ঢাকা ইন্টারব্যাংক অফার রেট’ বা ডিবোর পদ্ধতি চালু ছিল। সেখানে ব্যাংকগুলো নিজেরাই জানাত তারা কোন হারে লেনদেন করতে চায়। কিন্তু অনেক সময় ব্যাংকগুলো সঠিক তথ্য দিত না, ফলে বাজারের প্রকৃত চিত্র বোঝা যেত না। নতুন পদ্ধতিতে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সফটওয়্যারে যে লেনদেন করবে, সরাসরি সেই তথ্য থেকেই সুদের হার হিসাব করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক প্রধানত দুটি হার প্রকাশ করবে: ১. বিওএফআর (BOFR): এটি মূলত ব্যাংকগুলো যখন একে অপরের কাছ থেকে জামানত রেখে টাকা ধার নেবে (রেপো লেনদেন), সেই হারের গড়।

২. ডিওএমএমআর (DOMMR): এটি হবে জামানতবিহীন লেনদেন বা কলমানি রেটের গড়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এই হার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ব্যাংকের ইচ্ছায় বাড়বে-কমবে না। এটি হবে গড় লেনদেনের ওপর ভিত্তি করে একটি গাণিতিক হিসাব। এর ফলে কোনো ব্যাংক যদি অস্বাভাবিক বেশি বা কম হারে লেনদেন করে, তবে তা মূল হারে বড় কোনো প্রভাব ফেলতে পারবে না।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই নতুন পদ্ধতি চালু হলে সাধারণ মানুষের ঋণ, বন্ড এবং বিভিন্ন আর্থিক বিনিয়োগের সুদের হার নির্ধারণ অনেক বেশি স্বচ্ছ ও সহজ হবে। এতে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের বাজার সম্পর্কে ভরসা পাবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মার্চ মাস থেকেই পরীক্ষামূলকভাবে এই কাজ চলছে। ১৫ এপ্রিল থেকে সাধারণ মানুষ ও বিনিয়োগকারীরা প্রতিদিন সকালে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এই সুদের হার দেখতে পাবেন। 

 

রাসেল/এসএস/আরটিএনএন