পুঁজিবাজার
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।   ছবি: সংগৃহীত

সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে দেশের পুঁজিবাজারকে আরও প্রাণবন্ত ও টেকসই করে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রোববার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ঈদুল ফিতর-পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। তাদের মধ্যে ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

এ ছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), সিএফএ সোসাইটি ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক ও ইস্যুয়ার কোম্পানির প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারকে আরও গতিশীল ও টেকসই করতে কমিশন অংশীজনদের সঙ্গে নিয়ে কাজ করবে। এ সময় তিনি পুঁজিবাজারসহ সামগ্রিক অর্থনীতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।