১০ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, ফের ৯ শতাংশ ছাড়াল
১০ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, ফের ৯ শতাংশ ছাড়াল।   ছবি: সংগৃহীত

দেশে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি আবারও তীব্র হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। প্রায় নয় মাস পর আবারও মূল্যস্ফীতি ৯ শতাংশের ঘরে উঠল।

রোববার (৮ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। 

সংস্থাটির হিসাব অনুযায়ী, টানা চার মাস ধরে দেশে মূল্যস্ফীতি বাড়ছে, ফলে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের ওপর ব্যয়চাপ আরও বেড়েছে।

বিবিএসের তথ্য বলছে, এর আগে সর্বশেষ গত বছরের মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। তবে চলতি ফেব্রুয়ারির হারটি গত বছরের এপ্রিলের পর সবচেয়ে বেশি। ২০২৫ সালের এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ, যা ছিল গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ০১ শতাংশ। পরিসংখ্যান বলছে, টানা পাঁচ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে, যা নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে।

দেশে গত তিন বছর ধরেই তুলনামূলক উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সরকারি হিসাবে ২০২৫ সালে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭৭ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকলে মানুষের প্রকৃত আয় কমে যায় এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়।

বিবিএস জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৬ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় কম। এতে বাস্তবে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে।