এনবিএফআই
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।   ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের দুর্নীতি ও আর্থিক অব্যবস্থাপনার কারণে ছয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক অবস্থার উন্নতির জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

অবসায়নের সিদ্ধান্ত পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং।

আর যেসব প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে, সেগুলো হলো— বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। 

নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রেও অবসায়ন শুরু হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সংশ্লিষ্ট ছয় প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৭৫ থেকে ৯৮ শতাংশে পৌঁছেছে। একাধিক সতর্কবার্তার পরও তারা ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখাতে পারেনি।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আমানতকারীরা পর্যায়ক্রমে কেবল মূল অর্থ ফেরত পাবেন। এ প্রক্রিয়ায় সরকার মৌখিকভাবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা সহায়তার সম্মতি দিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার মতে, দেউলিয়া প্রতিষ্ঠানগুলো চালু রেখে ক্ষতি বাড়ানোর চেয়ে অবসায়নই তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত।