সোহম চক্রবর্তী ।
সোহম চক্রবর্তী ।   ছবি: সংগৃহীত

টালিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী এর বিরুদ্ধে ১৫ লাখ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরুণ দাস নামে এক চলচ্চিত্র প্রযোজক বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে একটি সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সোহম চক্রবর্তীকে অগ্রিম ১৫ লাখ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও শুটিংয়ের জন্য প্রয়োজনীয় ডেট দেননি তিনি। ফলে সিনেমাটির কাজ শুরুই করা যায়নি।

প্রযোজকের দাবি, পরবর্তীতে করোনা মহামারির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং প্রকল্পটি স্থগিত হয়ে যায়। পরে আর্থিক সংকটে পড়েন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ২০২১ সালে সোহম বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রযোজক টাকা ফেরতের জন্য তার সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি মীমাংসার জন্য কলকাতায় ডাকা হলেও সেখানে কোনো সমাধান হয়নি। বরং উল্টো তাকে অপমান ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তরুণ দাস জানান, একটি বেসরকারি ব্যাংকের চেকের মাধ্যমে তিনি অগ্রিম অর্থ পরিশোধ করেছিলেন। তবে দীর্ঘদিনেও টাকা ফেরত না পাওয়ায় তিনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।

তিনি আরও দাবি করেন, এতদিন রাজনৈতিক পরিস্থিতির কারণে অভিযোগ করতে সাহস পাননি। তবে এখন পরিস্থিতি পরিবর্তনের পর ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি থানায় অভিযোগ করেছেন।

এ ঘটনায় এখনো সোহম চক্রবর্তীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সিমু/আরটিএনএন