আমি আমার পুরোনো সিনেমা দেখি না: ইমরান হাশমি
আমি আমার পুরোনো সিনেমা দেখি না: ইমরান হাশমি   ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি, যিনি একসময় ‘সিরিয়াল কিসার’ ইমেজে পরিচিত ছিলেন, সময়ের সঙ্গে নিজেকে বদলে নিয়েছেন। এখন তিনি চরিত্রনির্ভর ও পরিণত অভিনয়ের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও কাজ করছেন এই অভিনেতা।

সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিনয়, চ্যালেঞ্জ এবং নিজের পরিবর্তন নিয়ে কথা বলেন। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, একজন অভিনেতা হিসেবে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি। উত্তরে ইমরান বলেন, প্রতিটি নতুন সিনেমাই নতুন অভিজ্ঞতা নিয়ে আসে এবং সেটিই একজন শিল্পীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে না এলে উন্নতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অনেক সময় নতুন কিছু করতে ভয় লাগতে পারে, কারণ আগে সেই কাজ করা হয়নি। তবে সেই ভয়কে এড়িয়ে না গিয়ে এগিয়ে যাওয়াই একজন অভিনেতার দায়িত্ব। অস্বস্তি, চাপ বা কষ্ট হলেও নতুন চরিত্রে কাজ করার মধ্য দিয়েই নিজেকে ভাঙা ও গড়ে তোলা সম্ভব।

নিজের পুরোনো সিনেমা দেখা প্রসঙ্গে ইমরান হাশমি জানান, সাধারণত তিনি আগের কাজগুলো আবার দেখেন না। তবে সম্প্রতি ‘আওয়ারাপান’ সিনেমাটি তিনি কয়েকবার দেখেছেন, কারণ এর সিক্যুয়েল তৈরির প্রস্তুতি চলছে। চরিত্র ‘শিবম’-কে আবার বুঝতে গিয়ে তাকে একাধিকবার সিনেমাটি দেখতে হয়েছে।

তিনি আরও যোগ করেন, নিজের পুরোনো কাজ দেখলে নস্টালজিয়া কাজ করে। সেই সময়ের শুটিং, টিমের সঙ্গে কাটানো মুহূর্ত এবং গান সবকিছুই আবার মনে পড়ে যায়। দীর্ঘ সময় পর পুরোনো গান বা দৃশ্য দেখলে সেগুলোর আবেগ আরও গভীরভাবে অনুভূত হয় বলেও জানান তিনি।

অভিনেতা হিসেবে পরিবর্তন কতটা জরুরি এ প্রশ্নে ইমরান বলেন, নতুন ঘরানা অন্বেষণ এবং নিজের সীমা অতিক্রম করাই একজন শিল্পীর প্রকৃত উন্নতির পথ। সামনে এগিয়ে যাওয়া এবং সাহসী সিদ্ধান্ত নেওয়াকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন।

বর্তমানে ইমরান হাশমির সাম্প্রতিক সিনেমা ‘হক’, যেখানে তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তার হাতে রয়েছে ‘আওয়ারাপান টু’ এবং একটি তেলেগু সিনেমা ‘জিটু’-এর কাজ।

সিমু/আরটিএনএন