দুপুরে আসছে কারিনা কায়সারের মরদেহ
জুলাই যোদ্ধা, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।   ফাইল ছবি

দেশে ফিরছেন জুলাই যোদ্ধা, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তবে, উচ্ছ্বাস আর আনন্দ আবহে নয়। ফিরছেন নিথর হয়ে লাশ হয়ে। কাছের মানুষদের হাসিমুখে মাতিয়ে রাখা নানা প্রতিভার অধিকারী এই সরলমনা মানুষটির মৃত্যুর খবরে শোক নেমে এসেছে দেশজুড়ে। শোক প্রকাশ করেছেন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

লিভার জটিলতায় দীর্ঘদিন ভোগার পর গত শুক্রবার (১৫ মে) রাতে ভারতের চেন্নাইয়ে মারা যান কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য কয়েকদিন আগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নেয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

কারিনার মরদেহ রবিবার (১৭ মে) দুপুরে দেশে আনা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় দাফন করা হবে তাকে।

কারিনার বাবা ও সাবেক জাতীয় ক্রিকেটার কায়সার হামিদ জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে কারিনার মরদেহ দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানির বাড়িতে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভারের অবস্থা গুরুতর হয়ে পড়ে। একই সঙ্গে ফুসফুসেও সংক্রমণ দেখা দেয়। চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নেয়া হচ্ছিল।

কায়সার হামিদের দেয়া তথ্য অনুযায়ী, চিকিৎসার একপর্যায়ে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় কারিনার রক্তচাপ হঠাৎ আশঙ্কাজনকভাবে কমে যায়। এরপর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন কারিনা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ সিরিজে তার কাজ দর্শকদের নজর কাড়ে। তার অকাল মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।