মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন সি জোসেফ বিজয়
মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন সি জোসেফ বিজয়।   ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় দায়িত্ব নেওয়ার পরই বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন। রাজ্যজুড়ে মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব দোকান বন্ধ করতে বলা হয়েছে।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, টাসম্যাকের অধীনে পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকানের মধ্যে শত শত দোকান গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের খুব কাছাকাছি অবস্থিত। এর মধ্যে ২৭৬টি মন্দিরের পাশে, ১৮৬টি স্কুল-কলেজের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনকেন্দ্রের আশপাশে মদের দোকান থাকায় সামাজিক অস্বস্তি ও নানা সমস্যা তৈরি হচ্ছিল। তাই জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব দোকান আগামী ১৪ দিনের মধ্যে বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী বিজয়ের এই সিদ্ধান্তকে তাঁর নির্বাচনী অঙ্গীকার ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।

যদিও তামিলনাড়ুর রাজস্ব আয়ের বড় অংশ আসে সরকারি মদ বিক্রি থেকে। ২০২৫ সালে শুধু এই খাত থেকেই রাজ্যের আয় হয়েছে ৪৮ হাজার কোটি টাকার বেশি। তারপরও সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়াকে সাহসী উদ্যোগ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে টাসম্যাককে ঘিরে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগেও তদন্ত চালানো হয়েছিল। নতুন এই নির্দেশের পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে সাধারণ মানুষের বড় একটি অংশ সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

সিমু/আরটিএনএন