৫০০টি পাউরুটি দিয়ে বানানো পোশাকে রেড কার্পেটে তাক লাগালেন তারকা কুইন মার্সি আতাং।
৫০০টি পাউরুটি দিয়ে বানানো পোশাকে রেড কার্পেটে তাক লাগালেন তারকা কুইন মার্সি আতাং।   ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত আফ্রিকার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র ও ফ্যাশন অ্যাওয়ার্ড ‘আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস (এএমভিসিএ)’–এর ১২তম আসরে দেখা গেল এক ব্যতিক্রমী ফ্যাশন চমক।

রেড কার্পেটে হাজির হওয়া রিয়েলিটি টিভি তারকা কুইন মার্সি আতাং পরেছিলেন এমন এক গাউন, যা তৈরি করা হয়েছিল প্রায় ৫০০টিরও বেশি আসল পাউরুটি দিয়ে। বিশাল আকৃতির এই পোশাকটি বহন করতে তাকে সহায়তা করতে হয়েছে কয়েকজন সহকারীকে। এমনকি তার সঙ্গে থাকা সহকারীদের হাতেও ছিল রুটির থালা।

এই অনন্য পোশাক মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ এটিকে সৃজনশীল মার্কেটিংয়ের অসাধারণ উদাহরণ হিসেবে প্রশংসা করেন, আবার কেউ খাবারের অপচয় বলে সমালোচনা করেন।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে কুইন মার্সি আতাং জানান, এটি মূলত তার রুটি তৈরির ব্যবসার প্রচারের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। পোশাকটির ডিজাইনারও বলেন, ব্যক্তিত্ব ও ব্যবসাকে পোশাকের মাধ্যমে প্রকাশ করার নতুন ধারণা থেকেই এই নকশা করা হয়েছে।

লাগোসের ইকো হোটেল অ্যান্ড সুইটসে আয়োজিত এই আসরে আফ্রিকান চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার সেরা শিল্পীদের সম্মাননা দেওয়া হয়। তবে এবার রেড কার্পেটের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে এই ব্যতিক্রমী ‘পাউরুটি গাউন’।

সূত্র : বিবিসি

সিমু/আরটিএনএন