বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেতা রাহুল দেব।
বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেতা রাহুল দেব।   ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেতা রাহুল দেব। শুটিংয়ের একটি দৃশ্যে অভিনয় করার সময় তার বাঁ পায়ের গোড়ালির হাড়ে ফাটল ধরে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত মাসের শেষ দিকে এ দুর্ঘটনা ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরো ঘটনার কথা জানান অভিনেতা।

রাহুল দেব বলেন, উঁচু জায়গা থেকে একটি কুশনের ওপর লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। অন্য কাউকে ব্যবহার না করে নিজেই দৃশ্যটি করেন তিনি। কিন্তু লাফ দেওয়ার পর কুশন সরে যাওয়ায় পা পিছলে যায় এবং বাঁ পায়ের গোড়ালি মচকে যায়।

প্রথমে আঘাতের গুরুতর অবস্থা বুঝতে পারেননি তিনি। ওই অবস্থাতেই শুটিং শেষ করেন। পরে দুই দিন পর পরীক্ষা করালে চিকিৎসকেরা জানান, তার বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে।

এরপর তার পায়ে প্লাস্টার করা হয়েছে এবং কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে শুটিংয়ের কাজ শেষ করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন অভিনেতা। তিনি আরও জানান, তার সঙ্গী অভিনেত্রী মুগ্ধা গডসে বর্তমানে তার দেখাশোনা করছেন।