বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নেতৃত্ব দিতে এক হয়েছেন দেশের চলচ্চিত্রাঙ্গনের দুই কিংবদন্তির সন্তান।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নেতৃত্ব দিতে এক হয়েছেন দেশের চলচ্চিত্রাঙ্গনের দুই কিংবদন্তির সন্তান।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নেতৃত্ব দিতে এক হয়েছেন দেশের চলচ্চিত্রাঙ্গনের দুই কিংবদন্তির সন্তান। সভাপতি পদে লড়বেন চিত্রনায়ক বাপ্পারাজ এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তারা দু’জনই জানিয়েছেন, নতুন একটি প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা বেগমও অতীতে সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এবার তাদের উত্তরসূরিরাই শিল্পীদের নেতৃত্বে আসতে চান।

বাপ্পারাজ বলেন, বাবার কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে চেয়েছিলেন তিনি। তবে খবরটি আগেই প্রকাশ হওয়ায় সহশিল্পীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। অনেকেই ফোন, বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন। শিল্পীদের আগ্রহ ও প্রত্যাশা থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অতীতে তিনি নিজেও সমিতির কমিটিতে দায়িত্ব পালন করেছেন। মুক্তিও এর আগে সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে তারা এমন একটি কমিটি গঠন করতে চান, যারা শিল্পীদের অধিকার রক্ষা ও চলচ্চিত্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

বাপ্পা ও মুক্তির ভাষ্য, শিল্পীদের কল্যাণে বেশ কিছু পরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। নির্বাচনে সদস্যদের সমর্থন পেলে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তাদের প্যানেলে নবীন ও অভিজ্ঞ দুই প্রজন্মের শিল্পীদেরই রাখা হচ্ছে বলেও জানা গেছে।

সিমু/আরটিএনএন