ভুয়া অ্যাপ, ওয়েবসাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল।
ভুয়া অ্যাপ, ওয়েবসাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন অনন্ত জলিল।   ছবি: সংগৃহীত

ভুয়া অ্যাপ, ওয়েবসাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল।

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

পোস্টে অনন্ত জলিল জানান, একটি অসাধু চক্র তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ভুয়া অ্যাপ ও ওয়েবসাইট প্রচার করছে। বিশেষ করে ক্যাসিনো ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্ল্যাটফর্মে তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে তার নামে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব অ্যাপ, ওয়েবসাইট বা ভিডিওর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে তিনি স্পষ্টভাবে জানান।

ভক্ত ও সাধারণ মানুষকে এমন বিভ্রান্তিকর প্রচারণা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে অনন্ত জলিল বলেন, তার নামে প্রচারিত কোনো কনটেন্ট বিশ্বাস করার আগে যাচাই করা উচিত।

একই সঙ্গে তিনি সবাইকে তার কেবলমাত্র ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল অনুসরণ করার আহ্বান জানান। অন্য কোনো পেজ বা ভিডিওতে তার নাম ব্যবহার করা হলে তা যাচাই ছাড়া বিশ্বাস না করার পরামর্শও দেন তিনি।