আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট ২’।
আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট ২’।   ছবি: সংগৃহীত

ভিডিও গেম থেকে সিনেমা-দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে জনপ্রিয়তা ধরে রাখা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম ‘মর্টাল কম্ব্যাট’। নব্বইয়ের দশকের গেমপ্রেমীদের কাছে এটি শুধু একটি গেম নয়, বরং একধরনের আবেগ। ভয়ংকর চরিত্র, রক্তাক্ত লড়াই, অতিমানবীয় শক্তি আর বিখ্যাত সংলাপে ভরপুর এই সিরিজ এবার আবার বড় পর্দায় ফিরছে।

শুক্রবার (৮ মে) আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট ২’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০২১ সালে মুক্তি পাওয়া সফল রিবুট ‘মর্টাল কম্ব্যাট’-এর সরাসরি সিক্যুয়েল এটি। ১৯৯২ সালে প্রথম প্রকাশিত হয় ‘মর্টাল কম্ব্যাট’ ভিডিও গেম। দ্রুতই এটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায়। গেমের সাফল্যের ধারাবাহিকতায় ১৯৯৫ সালে প্রথম চলচ্চিত্র এবং ১৯৯৭ সালে এর সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট: অ্যানিহিলেশন’ মুক্তি পায়। তবে গেমের মতো সিনেমাগুলো ততটা সাফল্য পায়নি।

দীর্ঘ বিরতির পর ২০২১ সালে রিবুট ভার্সন মুক্তি পায়, যা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। বিশেষ করে গেমের পরিচিত চরিত্র, মারামারির দৃশ্য ও ভিজ্যুয়াল উপস্থাপনা দর্শকদের আকৃষ্ট করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে ‘মর্টাল কম্ব্যাট ২’।

সিনেমাটি পরিচালনা করেছেন সাইমন ম্যাকোয়েড। অভিনয়ে রয়েছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন, লুডি লিন, চিন হান, ডেমন হ্যারিমেনসহ আরও অনেকে।

নতুন গল্পে পৃথিবী বা আর্থরেল্মকে রক্ষা করার লড়াই দেখানো হয়েছে। আউটারওয়ার্ল্ডের ভয়ংকর সম্রাট শাও কানের উত্থানে পৃথিবী ধ্বংসের মুখে পড়ে। পৃথিবীর রক্ষকদের সামনে তৈরি হয় চূড়ান্ত সংকট। প্রথম সিনেমার চ্যাম্পিয়নদের সঙ্গে এবার যুক্ত হয়েছে জনপ্রিয় চরিত্র জনি কেজ। একসঙ্গে তারা মুখোমুখি হবে শাও কানের অন্ধকার বাহিনীর।

তবে লড়াই শুধু বাইরের শত্রুর বিরুদ্ধে নয়, নিজেদের মধ্যেও তৈরি হতে পারে বিভাজন ও সংঘাত। মর্টাল কম্ব্যাট টুর্নামেন্টের নিয়ম এবং শাও কানের ষড়যন্ত্র-দুই দিক থেকেই চ্যাম্পিয়নদের ভেতরে ভাঙন তৈরি হওয়ার ইঙ্গিত রয়েছে।

জনি কেজ চরিত্রে কার্ল আরবানের উপস্থিতি নিয়ে ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। দর্শকদের মতে, এবার আগের চেয়ে বড় পরিসরে অ্যাকশন দৃশ্য উপস্থাপন করা হয়েছে।

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত থাকায় সিনেমাটি মুক্তির আগেই ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। ২০২১ সালের ‘মর্টাল কম্ব্যাট’ অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দেখা সিনেমাগুলোর একটি ছিল। সেই সাফল্যের পর থেকেই সিক্যুয়েল নিয়ে আগ্রহ বাড়ে।

চলচ্চিত্র সমালোচকদের মতে, অ্যাকশন, ফ্যান্টাসি, ভয়ংকর চরিত্র ও রক্তাক্ত লড়াইয়ের মিশেলে ‘মর্টাল কম্ব্যাট ২’ হতে পারে এ বছরের আলোচিত ভিডিও গেমভিত্তিক সিনেমাগুলোর একটি। দর্শকদের এখন অপেক্ষা শুধু বড় পর্দায় চূড়ান্ত যুদ্ধ দেখার।