দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন লাতিন পপ তারকা শাকিরা।
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন লাতিন পপ তারকা শাকিরা।   ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন লাতিন পপ তারকা শাকিরা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে ‘দাই দাই’ গানের ঝলক। এ গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বার্না বয়।

বৃহস্পতিবার (৮ মে) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি ঝলকচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিরা। এতে ২০২৬ বিশ্বকাপের আয়োজক তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় পতাকার রঙে সাজানো নৃত্যশিল্পীদের দেখা যায়।

ঝলকচিত্রটির আরেকটি বড় আকর্ষণ ছিল ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের সরকারি ম্যাচ বলের উপস্থিতি। ধারণা করা হচ্ছে, শাকিরার আগের বিশ্বকাপের গানগুলোর স্মৃতিকে সম্মান জানাতেই এগুলো দেখানো হয়েছে।

জানা গেছে, ‘দাই দাই’ গানে লাতিন সুরের সঙ্গে আফ্রিকান ছন্দের মিশ্রণ থাকবে। শাকিরার পরিচিত গায়কী ও বার্না বয়ের সংগীতধারা মিলিয়ে নতুন এক আবহ তৈরি হবে বলে আশা করছেন ভক্তরা। আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে গানটি।

ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৬ বিশ্বকাপে হিপস ডোন্ট লাই, ২০১০ বিশ্বকাপে ওয়াকা ওয়াকা এবং ২০১৪ বিশ্বকাপে লা লা লা গান গেয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান তিনি।

আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮ দলের এই আসরের আগে ‘দাই দাই’ গানটিকেই বিশ্বকাপ উন্মাদনার বড় সূচনা হিসেবে দেখা হচ্ছে।