বিয়ের প্রস্তাবের গুজব ভিত্তিহীন, জানালেন কঙ্গনা রানাওয়াত।
বিয়ের প্রস্তাবের গুজব ভিত্তিহীন, জানালেন কঙ্গনা রানাওয়াত।   ছবি: আরটিএনএন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর গুঞ্জন। সেখানে দাবি করা হয়, বিজেপি নেত্রী ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নাকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এমনকি শর্ত হিসেবে তাকে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হয়েছে-এমন দাবিও ছড়ানো হয়।

তবে এ ধরনের খবরকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন কঙ্গনা নিজেই।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ভুয়া তথ্য শুধু মিথ্যা নয়, বরং নারীদের প্রতি অসম্মানজনক।

কঙ্গনা আরও লেখেন, “এই ভুয়া তথ্য অত্যন্ত বেদনাদায়ক। রাজনীতিতেও নারীদের কোনো সম্মান নেই। যারা এমন মিথ্যা খবর ছড়াচ্ছে, তাদের ধিক্কার জানাই।”

গুঞ্জনটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে রসিকতা হিসেবে নিলেও অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি যাচাই ছাড়া খবর ছড়ানোর প্রবণতা নিয়েও সমালোচনা হয়।

উল্লেখ্য, কঙ্গনা রানাওয়াত এর আগেও একাধিকবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন। অর্থনীতি বিষয়ে তার জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে টিউশন নেওয়ার পরামর্শ দেওয়ার ঘটনাও অতীতে আলোচনায় আসে।

সব মিলিয়ে নতুন এই গুঞ্জনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত।