দর্শকদের আবেগে ভাসিয়ে শেষ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’।
দর্শকদের আবেগে ভাসিয়ে শেষ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’।   ছবি: সংগৃহীত

দর্শকদের আবেগে ভাসিয়ে শেষ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এখন পর্যন্ত নাটকটির ৫০টি পর্ব প্রচারিত হয়েছে এবং মোট ৫২ পর্বে এর সমাপ্তি টানার কথা রয়েছে।

পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হলেও নিজস্ব উপস্থাপনায় এটি আলাদা পরিচিতি পেয়েছে।

নাটকটির শেষ পর্যায়ে এসে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দর্শকদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ১৮ বছরের ক্যারিয়ারে এমন ভালোবাসা তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। দর্শকদের অগণিত ফোনকল ও বার্তায় তিনি মুগ্ধ এবং এই ভালোবাসাকেই একজন পরিচালকের শ্রেষ্ঠ প্রাপ্তি বলে উল্লেখ করেন।

নাটকে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং সামির চরিত্রে খায়রুল বাসার। মেহরীন চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত। নাটকটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

নির্মাতা জানিয়েছেন, নাটকের শেষ পর্বটি বিশেষ মেগা পর্ব হিসেবে প্রচারিত হবে। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ মিনিট। দর্শকদের পক্ষ থেকে সময় বাড়ানোর অনুরোধ থাকলেও টেলিভিশন সম্প্রচারের নির্ধারিত সময়সীমা ও পৃষ্ঠপোষকতার সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। তবে নির্মাতা জানান, দর্শকদের যে আক্ষেপ ছিল, সেটি মেগা এপিসোডের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে গল্পের সমাপ্তি দেখানো হবে।

গেল বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ে নাটকটির প্রচার শুরু হয়। পাশাপাশি ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশ করা হয়েছে। দুই মাধ্যমেই ‘এটা আমাদেরই গল্প’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।