জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি   ছবি: সংগৃহীত

নপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সিদ্ধান্তকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে শোবিজ অঙ্গনের তারকাদের প্রাধান্য না দিয়ে ত্যাগী ও রাজনৈতিকভাবে অভিজ্ঞ নারীদের মূল্যায়নের সিদ্ধান্ত নেয় দলটি। আর এই সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে ন্যান্সি সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ‘লাল সালাম’।

গত ২০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। তালিকায় শোবিজ অঙ্গনের আলোচিত কোনো মুখ না থাকায় বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। 

অনেকে এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও, আবার কেউ কেউ তারকাদের সম্পৃক্ততা না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এই প্রেক্ষাপটে ২১ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান ন্যান্সি।

নিজের স্ট্যাটাসে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, গায়িকা, নায়িকা, অভিনেত্রী বা মডেলদের ‘শো-পিস’ হিসেবে ব্যবহার না করে যারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়, ত্যাগী এবং যোগ্য এমন নারীদের মূল্যায়ন করায় বিএনপি প্রশংসার দাবিদার। তার ভাষায়, এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

ন্যান্সির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তার পোস্টের মন্তব্যঘরে অসংখ্য ভক্ত ও অনুসারী একমত পোষণ করে প্রতিক্রিয়া জানান। কেউ তার স্পষ্টভাষিতার প্রশংসা করেছেন, আবার কেউ এই সিদ্ধান্তকে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। মাত্র তিন দিনের মধ্যে প্রায় ১,৩০০ জন আগ্রহী প্রার্থী ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখও ছিলেন, যেমন- রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার এবং রুকাইয়া জাহান চমক। তবে শেষ পর্যন্ত দলটি তাদের মনোনয়ন না দিয়ে ভিন্ন পথ বেছে নেয়, যা এখন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

এসএস