আগামী ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক সিনেমা ‘মাইকেল’।
আগামী ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক সিনেমা ‘মাইকেল’।   ছবি: সংগৃহীত

আগামী ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক সিনেমা ‘মাইকেল’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের প্রেক্ষাগৃহ চেইন স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে “Coming Soon” লিখে সিনেমাটির প্রচারণা শুরু করেছে।

‘কিং অব পপ’ নামে পরিচিত মাইকেল জ্যাকসনের জীবন ও ক্যারিয়ারকে ঘিরে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসন পরিবারের সদস্য জাফর জ্যাকসন। নির্মাতারা জানিয়েছেন, মাইকেলের বিখ্যাত গান ‘Beat It’-এর লুক থেকে অনুপ্রাণিত হয়ে তার চরিত্রের রূপ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশ পেয়েছে, যা দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পপসম্রাটের জীবনের গল্প বড় পর্দায় দেখার জন্য।

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। বায়োপিকে মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবন, সাফল্য, সংগ্রাম এবং নানা আলোচিত ঘটনার অজানা দিক তুলে ধরা হবে বলে জানা গেছে।

মাত্র ৫০ বছর বয়সে মারা যান বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এই সংগীতশিল্পী। তার মৃত্যুর ১৬ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিশ্বজুড়ে এখনও তার জনপ্রিয়তা অটুট।

গানের পাশাপাশি অনন্য পারফরম্যান্স, ভিন্নধর্মী স্টাইল এবং বৈচিত্র্যময় ব্যক্তিত্বের কারণে মাইকেল জ্যাকসন বিশ্ব সংগীত ইতিহাসে এক অনন্য অবস্থান তৈরি করে গেছেন।