চা-বাগানের তেতো বাস্তবতায় মমতার ছোঁয়ায় ‘চা গরম’।
চা-বাগানের জীবনের তেতো বাস্তবতা আর মমতা-আশার মিশেলে নির্মিত ওয়েব ফিল্ম ‘চা গরম’ ।   ছবি: সংগৃহীত

চা-বাগানের জীবনের তেতো বাস্তবতা আর মমতা-আশার মিশেলে নির্মিত ওয়েব ফিল্ম ‘চা গরম’ নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত। বাংলা নববর্ষের আগেই চরকিতে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি শুরু থেকেই দর্শকের দৃষ্টি কাড়ে এর ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীতে।

চা-বাগানের প্রেক্ষাপটে নির্মিত ‘চা গরম’-এ প্রথমদিকে চা প্রক্রিয়াজাত করার বাস্তবধর্মী দৃশ্যগুলো দর্শকের মনে দাগ কাটে। এরপর গল্প এগোয় ডাক্তার আইরিনের যাত্রাকে কেন্দ্র করে, যেখানে চিকিৎসকদের নিত্যকার বাস্তবতা উঠে আসে। নির্মাতা বাস্তবধর্মী দৃশ্যায়নের মাধ্যমে গল্পকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন।

চিত্রনাট্যকার সাইফুল্লাহ রিয়াদ চা-বাগানের মানুষের জীবন, বঞ্চনা ও আশা-আকাঙ্ক্ষার গল্প আন্তরিকভাবে তুলে ধরেছেন। প্রায় পৌনে দুই ঘণ্টার সিনেমাটি কোথাও দীর্ঘ মনে হয় না; বরং চরিত্রগুলোর দৈনন্দিন জীবনযাপনেই ফুটে ওঠে তাদের সংগ্রাম, যা অতিরঞ্জিত না হয়ে শিল্পমান বজায় রাখে।

ডাক্তার আইরিন চরিত্রে সাফা কবির স্বাভাবিক ও সংযত অভিনয় করেছেন। মিঠুর চরিত্রে পার্থ শেখ দর্শককে সহজাত অভিনয়ে হাসাতে সক্ষম হয়েছেন। চা-বাগানের ম্যানেজার চরিত্রে এ কে আজাদ সেতু পুরোনো মূল্যবোধের প্রতীক হয়ে উঠেছেন।

তবে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন সারাহ জেবীন ও রেজওয়ান পারভেজ। নন্দিনী চরিত্রে সারাহ জেবীনের প্রাণবন্ত উপস্থিতি এবং রবিন চরিত্রে রেজওয়ান পারভেজের সরলতা ও গভীরতা দর্শকের মনে দাগ কাটে। বিশেষ চরিত্রে পূর্ণিমা বৃষ্টি-র উপস্থিতিও উল্লেখযোগ্য।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণে বরকত হোসাইনের কাজ প্রশংসনীয়। পোশাক পরিকল্পনায় মারিয়া হক সরকার, রূপসজ্জায় আতিয়া রহমান এবং সংগীতে রুসলান রেহমান উল্লেখযোগ্য অবদান রেখেছেন। পাশাপাশি সম্পাদনায় সালেহ সোবহান ও কালার গ্রেডিংয়ে উম্মিদ আশরাফ চলচ্চিত্রটিকে আরও পরিপূর্ণ করে তুলেছেন।

চলচ্চিত্রে চা-বাগানের মানুষের অপ্রাপ্তি, বঞ্চনা ও সম্ভাবনা দমিয়ে রাখার বাস্তবতা নানা সংলাপ ও দৃশ্যের মাধ্যমে গভীরভাবে ফুটে উঠেছে। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্যসেবার গুরুত্বও তুলে ধরা হয়েছে।

‘চা গরম’ প্রযোজনার জন্য চরকি ও অক্সফ্যাম-এর উদ্যোগ প্রশংসনীয়। এছাড়া সহায়তায় ছিল ইউরোপীয় ইউনিয়ন, রবি ও রিভাইভ টি।

সব মিলিয়ে, ‘চা গরম’ শুধু একটি চলচ্চিত্র নয়, বরং সমাজের অবহেলিত মানুষের জীবনের এক শৈল্পিক ও প্রাসঙ্গিক উপস্থাপন।