নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া তথ্যচিত্র সিরিজ দ্য টিকটক কিলার বাস্তব এক ঘটনার ভিত্তিতে নির্মিত।
নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া তথ্যচিত্র সিরিজ দ্য টিকটক কিলার বাস্তব এক ঘটনার ভিত্তিতে নির্মিত।   ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া তথ্যচিত্র সিরিজ দ্য টিকটক কিলার বাস্তব এক ঘটনার ভিত্তিতে নির্মিত, যেখানে ডিজিটাল যুগের আড়ালে লুকিয়ে থাকা ভয়ংকর প্রতারণার চিত্র উঠে এসেছে।

একাকী ভ্রমণ অনেকের কাছে স্বাধীনতার প্রতীক হলেও, স্পেনের এক নারীর জীবনে তা পরিণত হয় বিভীষিকায়। ৪২ বছর বয়সী ভ্রমণপ্রেমী এস্থার এসতেপা একা ঘুরতে গিয়ে একটি হোস্টেলে পরিচিত হন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোস হুরাডো মন্টিলার সঙ্গে। প্রথমে বন্ধুসুলভ মনে হলেও, এই পরিচয়ই হয়ে ওঠে তার জীবনের শেষ অধ্যায়।

২০২৩ সালের আগস্টে তারা একসঙ্গে যাত্রা শুরু করেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে এস্থারকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তার আচরণ হঠাৎ বদলে যায়। পরিবারের কাছে পাঠানো বার্তায় তিনি জানান, সবকিছু ছেড়ে আর্জেন্টিনায় নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। কিন্তু তার মা বুঝতে পারেন, বার্তাগুলো তার মেয়ের স্বাভাবিক ভাষা নয়। এরপরই এস্থার নিখোঁজ হয়ে যান।

প্রথমদিকে পুলিশ বিষয়টিকে স্বেচ্ছায় নিখোঁজ হিসেবে দেখলেও, পরিবারের সন্দেহ কাটেনি। মা ও বোন নিজেরাই খোঁজ শুরু করেন। তারা যোগাযোগ করেন সেই ব্যক্তির সঙ্গে, যিনি শেষবার এস্থারের সঙ্গে ছিলেন মন্টিলা। তিনি দাবি করেন, তিনি এস্থারকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন।

তদন্ত যত এগোয়, ততই সামনে আসে চমকে দেওয়ার মতো তথ্য। মন্টিলা কোনো সাধারণ ভ্রমণপ্রেমী নন; অতীতে একাধিক হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি তিনি। অথচ সামাজিক মাধ্যমে নিজেকে উপস্থাপন করতেন সহানুভূতিশীল ভ্রমণসঙ্গী হিসেবে।

তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ও পোস্ট। এসব তথ্য মিলিয়ে তৈরি হয় একটি ডিজিটাল সূত্র, যা ধীরে ধীরে পুরো ঘটনাকে উন্মোচিত করে।

অবশেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একটি মানবখুলি উদ্ধার করা হয়, যা পরে এস্থারের বলে শনাক্ত হয়। একই বছরের জুনে তার দেহের বাকি অংশও পাওয়া যায়। যদিও মন্টিলা অভিযোগ অস্বীকার করেছেন, তবুও তাকে এই হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া চলছে।

এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ডিজিটাল যুগে পরিচয় যত সহজ মনে হোক, বাস্তবে তা অনেক সময়ই বিভ্রান্তিকর ও বিপজ্জনক হতে পারে। দ্য টিকটক কিলার তাই শুধু একটি অপরাধকাহিনি নয়, বরং সতর্ক থাকার এক শক্ত বার্তাও বহন করছে।

টাইম অবলম্বনে 

সিমু/আরটিএনএন