অনন্ত জলিল বলেন, "টুডে অর টুমরো, বর্ষা হয়তো পলিটিক্স করবেই।
অনন্ত জলিল বলেন, "টুডে অর টুমরো, বর্ষা হয়তো পলিটিক্স করবেই।   ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গার্মেন্টস ব্যবসায়ী থেকে অভিনয় ও প্রযোজনায় নাম লেখান অনন্ত। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক সংকটে সিনেমা থেকে ‘বিরতি’তে আছেন এ দম্পতি। এবার অনন্ত আভাস দিলেন তার স্ত্রী বর্ষা রাজনীতির মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল তাঁর স্ত্রীর রাজনৈতিক ইচ্ছার কথা প্রকাশ করেন। অনন্ত জানান, বর্ষা দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবা করে আসছেন এবং তাঁর বিশ্বাস, মানুষের সেবায় বর্ষাকে রাজনীতিতে আসা উচিত।

অনন্ত জলিল বলেন, ‘টুডে অর টুমরো, বর্ষা হয়তো পলিটিক্স করবেই। আমি আবারও বলি, বর্ষা রাজনীতিতে আসতে পারে। কারণ, নেত্রী হিসেবে সে ভালো—তার প্রশাসনিক দক্ষতাও ভালো। এতগুলো বছর ধরে তার যে আচরণ, মানুষের সঙ্গে মেশা-এসব দেখলে মনে হয় সে পারবে।’

তিনি আরও বলেন, ‘সে যখন গ্রামে যায়, কল্পনা করতে পারবেন না-সকালে দাঁড়িয়ে বিকেল পর্যন্ত, কখনো ৮-৯ ঘণ্টা ধরে মানুষের পাশে থাকে, নিজের হাতে সাহায্য করে। আমরা তো অনেক সময় কয়েকজনকে দায়িত্ব দিয়ে চলে যাই, কিন্তু সে তা করে না। এমনকি বাচ্চাদের স্কুলব্যাগের মতো ব্যাগে টাকা নিয়ে নিজে দাঁড়িয়ে ছয়-সাত-আট ঘণ্টা পর্যন্ত বিতরণ করে। তার মধ্যে দেশসেবার মতো ধৈর্য আছে।’

 অনন্ত আরো বলেন, ‘আমরা তো সব সময় নিরপেক্ষ থেকেছি, ভালো কিছুর পক্ষে থেকেছি। যদি আমি নিজে সৎ থাকি, তাহলে আমাকে দেশ ছাড়তে হবে কেন? সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়।’

এভাবে অনন্ত জলিল তার স্ত্রীর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, যা দর্শক ও রাজনীতির প্রতি আগ্রহী মানুষদের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি করেছে।