অঙ্কুশ,ঐন্দ্রিলা,বিয়ের ইঙ্গিত
অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের পরিসমাপ্তি: জন্মদিনে বিয়ের ইঙ্গিত।   ছবি: সংগৃহীত

টালিউডের আলোচিত জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন দীর্ঘ ১৫ বছর ধরে সম্পর্কের মধ্যে আছেন। ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে ‘বিয়ে কখন?’ প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল। এবার হয়তো সেই অপেক্ষা শেষ হতে চলেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশ একটি আবেগঘন পোস্টের মাধ্যমে প্রথমবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, আর দেরি করা যাবে না।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রেমিকার জন্মদিনে তিনি ইনস্টাগ্রামে তাদের একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলোতে ধরা পড়ে তাদের সম্পর্কের নানা মুহূর্ত, বন্ধুত্ব, ভালোবাসা এবং একসাথে বড় হয়ে ওঠার গল্প।

অঙ্কুশ ক্যাপশনে লিখেছেন, "১৫ বছর হয়ে গেল। প্রায় একসঙ্গেই বড় হয়েছি। আমার দেখা সবচেয়ে সৎ, সুন্দর আর খাঁটি মানুষটার জন্য অনেক ভালোবাসা… শুভ জন্মদিন।"

তবে মিষ্টি শুভেচ্ছার সঙ্গে ছিল বড় চমক। তিনি আরও যোগ করেছেন, "আর হ্যাঁ, ভবিষ্যতে আমাদের বাচ্চারা জন্মেই যেন আমাদের দাদু-দিদা বলে না ডাকে, তার জন্য আর বেশি দেরি করা যাবে না।" এই এক লাইনে স্পষ্টভাবে বিয়ের পরিকল্পনার ইঙ্গিত মিলেছে।

অঙ্কুশের পোস্টে ঐন্দ্রিলা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখান, "আমি বাকরুদ্ধ… সবসময় ভালোবাসি তোমাকে, আমার প্রিয় বন্ধু, আমার সব দুষ্টুমির সঙ্গী, আমার সবকিছু।"

দুজনের এই আদান-প্রদান দেখেই ভক্তরা কমেন্ট বক্সে বিয়ের দাবি নতুনভাবে জোরদার করেছেন। কেউ লিখেছেন, "এবার তো বিয়েটা করে ফেলুন!" আবার কেউ মজা করে বলেছেন, "দেরি করলে সত্যিই বাচ্চারা দাদু-ঠাম্মা বলবে।" অনেকেই তাদের দীর্ঘদিনের সম্পর্ককে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেছেন, এই জুটির বিয়ে এখন সময়ের দাবি।