প্রিন্স এর টিজার প্রকাশ, গ্যাংস্টার রূপে শাকিব খান।
প্রিন্স এর টিজার প্রকাশ, গ্যাংস্টার রূপে শাকিব খান।   ছবি: সংগৃহীত

অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে ঈদের ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’–এর টিজার। আজ বেলা একটার দিকে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস–এর ইউটিউব চ্যানেলে ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি প্রকাশ করা হয়। নির্মাতারা এটিকে ‘টিজার’ না বলে ‘প্রি-ব্লাস্ট’ হিসেবে উল্লেখ করেছেন।

টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে। শুরুতেই ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধজগতের কিছু দৃশ্য দেখা যায়। এরপর পর্দায় হাজির হন ‘প্রিন্স’ চরিত্রের শাকিব খান—লম্বা চুল, চোখে সানগ্লাস এবং অ্যাকশনভরা উপস্থিতিতে প্রতিপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায় তাঁকে।

টিজারে শাকিব খানের আরেকটি ভিন্ন লুকও দেখা গেছে—তুলনামূলক ছোট চুল ও আলাদা স্টাইল। এটি কি চরিত্রটির অতীতের গল্প, নাকি দ্বৈত চরিত্র—তা টিজারে স্পষ্ট করা হয়নি।

এ ছাড়া টিজারে ঝলক দেখা গেছে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। শাকিব খানের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুকেও সংক্ষিপ্তভাবে দেখা গেছে।

টিজারের শেষদিকে প্রিন্স চরিত্রে শাকিব খানের কণ্ঠে শোনা যায় সংলাপ—
“আমার সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি; আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।”

শুরুতে শোনা গিয়েছিল, ছবিটি নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক আলোচিত গ্যাংস্টারের জীবন অবলম্বনে নির্মিত। তবে বিষয়টি নাকচ করেছেন ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ। তাঁর ভাষ্য, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়; বরং বড় বাজেটের একটি বাণিজ্যিক সিনেমা।

ছবিটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ আরও অনেকে। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও ভারতে ছবিটির শুটিং হয়েছে।