কামরুজ্জামান রোমানের পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
কামরুজ্জামান রোমানের পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।   ছবি: সংগৃহীত

কামরুজ্জামান রোমানের পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন তিনি । বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই নায়িকা। ইতোমধ্যে এই ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হবে শুটিং।

পরিচালক কামরুজ্জামান রোমান জানান, অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্পে কাজ করতে নেমেছি আমরা। এটি থ্রিলার ঘরানার একটি ওয়েব ফিল্ম। নেপালে ‘শিকার’-এর শুটিং হবে । পরিচালক জানান, পুরো টিম নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নেপালেই সিনেমার বড় অংশের দৃশ্যধারণ করা হবে। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘শিকার’।

অপু বিশ্বাস বলেন, কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। গল্প ও নির্মাণ- দুটো দিকেই তিনি অনেক যত্ন নেন। গল্প যেমন আলাদা, পরিচালনাতেও তার দক্ষতা স্পষ্ট। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আরও বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও অনেককে। 

বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে এই দুটি সিনেমার শুটিং চলছে।

এমআর/আরটিএনএন