থালাপতি বিজয়
থালাপতি বিজয়।   ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর একটি সমাবেশে ঘটে যাওয়া ভয়াবহ পদপিষ্টের ঘটনায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তলবের মুখে পড়েছেন তিনি।

সিবিআই সূত্রে জানা গেছে, আগামী সোমবার (১২ জানুয়ারি) সংস্থাটির দপ্তরে হাজির হয়ে জবানবন্দি দিতে হবে থালাপতি বিজয়কে। গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে টিভিকে-র প্রথম বড় রাজনৈতিক সমাবেশ আয়োজন করা হয়। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতে লাখো মানুষের ঢলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এক পর্যায়ে অতিরিক্ত ভিড়ের চাপে ঘটে যায় মর্মান্তিক পদপিষ্টের ঘটনা। এতে নারী ও শিশুসহ ৪১ জনের মৃত্যু হয়। আহত হন শতাধিক মানুষ। ঘটনার পর থেকেই সমাবেশের নিরাপত্তা ও আয়োজনে চরম অব্যবস্থাপনার অভিযোগ ওঠে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে গত অক্টোবর মাসে ভারতের সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দেয়। বিচারপতি জে কে মহেশ্বরী ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেন। একই সঙ্গে তদন্ত তদারকির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়। ওই কমিটিতে রয়েছেন দুজন অভিজ্ঞ আইপিএস কর্মকর্তা।

রাজনীতিতে নতুন করে পা রাখা থালাপতি বিজয়ের জন্য এই ঘটনা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সিবিআই মূলত খতিয়ে দেখছে, সমাবেশ আয়োজনের ক্ষেত্রে কী ধরনের ত্রুটি ছিল এবং আয়োজক হিসেবে টিভিকে ও দলের শীর্ষ নেতৃত্বের দায় কতটুকু। এসব প্রশ্নের জবাব দিতে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে হবে এই তারকা অভিনেতাকে।

এমকে/আরটিএনএন