কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ
নবনিযুক্ত উপাচার্যের সাথে কুবি শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাতের দৃশ্য।   ছবি: আরটিএনএন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার (১৭ মে) বিকেল ৩টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ তারা। এসময় শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন, সদস্য সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন, সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক ড. মোঃ বেলাল হুসাইন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রোভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।


সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষক-প্রশাসনের সমন্বয় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

শিক্ষক সমিতির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্য মহোদয় প্রফেসর ড. এম এম শরীফুল করীম স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সামনে আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই। আমরা সকল শিক্ষক উপাচার্য মহোদয়কে এই আশ্বাস দিচ্ছি যে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সবাই মিলে একযোগে সহযোগিতা করব।’