বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)–এর ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. একরামুল হক। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বুয়েট অধ্যাদেশ অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
নতুন উপাচার্য হিসেবে ড. একরামুল হক দায়িত্ব নিচ্ছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হয়ে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর জারি করা এক আদেশে অধ্যাপক বদরুজ্জামান উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
ড. একরামুল হক বুয়েটের পুরকৌশল বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক এবং দেশের প্রকৌশল শিক্ষাঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব। তার দীর্ঘ শিক্ষকতা ও গবেষণাজীবন নানা অর্জনে সমৃদ্ধ। ১৯৮৯ সালে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ওই পরীক্ষায় তিনি অনার্স মার্কসসহ মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। একই বছর বুয়েটে প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু হয়।
পরবর্তীতে তিনি ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৭ সাল থেকে তিনি গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি বর্তমানে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গবেষণাক্ষেত্রেও ড. একরামুল হক আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত। ১৯৯৬ সালে তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয়বস্তু মূলত পরিবহন ও অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট। দেশ-বিদেশের স্বনামধন্য বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার ৫০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
কুমিল্লা শহরে জন্মগ্রহণ করা ড. একরামুল হক ছাত্রজীবন থেকেই মেধার স্বাক্ষর রেখে আসছেন। ১৯৮১ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অর্জন করেন তিনি। পরে ১৯৮৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেন।
শিক্ষা প্রশাসন, গবেষণা ও প্রকৌশল শিক্ষায় দীর্ঘ অভিজ্ঞতার কারণে ড. একরামুল হকের নেতৃত্বে বুয়েট নতুন গতিতে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হচ্ছে।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!