জকসুর উদ্যোগে জবিতে আইনের বই প্রদান
জকসুর উদ্যোগে জবিতে আইনের বই প্রদান।   আরটিএনএন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন অনুষদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা পূরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) উদ্যোগে এক সেট ‘ডাইজেস্ট অব ল রিপোর্টস’ (ডিএলআর) দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ সেমিনারে আনুষ্ঠানিকভাবে এসব বই হস্তান্তর করা হয়।

প্রায় ১ লাখ টাকা মূল্যের এই আইনের বইগুলো শিক্ষার্থীদের গবেষণা, পাঠাভ্যাস ও পেশাগত প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, আইন সম্পাদক আল হাবীব ফারুক এবং আইন অনুষদের ডিন ক্রিস্টিন রিচার্ডসনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “জকসু সব সময় শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছে। আইন অনুষদের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ডিএলআর সেট প্রদান করেছি। এটি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “শিক্ষার্থীদের জন্য কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণই জকসুর মূল লক্ষ্য। সেমিনারে প্রয়োজনীয় আইনের বইয়ের সংকট নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

উদ্যোগের প্রধান সমন্বয়কারী ও জকসুর আইন সম্পাদক আল হাবীব ফারুক বলেন, “আইন শিক্ষার্থীদের জন্য ডিএলআর অত্যন্ত গুরুত্বপূর্ণ রেফারেন্স। অনেক শিক্ষার্থীর পক্ষে এসব বই কেনা সম্ভব হয় না। সেমিনারে যেন সবাই সহজে এটি ব্যবহার করতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি আমার অন্যতম প্রধান নির্বাচনী ইশতেহার ছিল।”

আইন অনুষদের ডিন ক্রিস্টিন রিচার্ডসন জকসুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক সহায়তায় এ ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয়। এই বইগুলো শিক্ষার্থীদের গবেষণা ও কেস স্টাডিতে বিশেষভাবে সহায়তা করবে।”

অনুষদের শিক্ষার্থীরাও জকসুর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে সেমিনারে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের অভাব ছিল। নতুন এই ডিএলআর সেট তাদের পড়াশোনায় ইতিবাচক প্রভাব ফেলবে।