শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি, শিক্ষার্থীরা পাচ্ছে ১৬ থেকে ২৩ দিনের অবকাশ।
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি, শিক্ষার্থীরা পাচ্ছে ১৬ থেকে ২৩ দিনের অবকাশ।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে আনুষ্ঠানিকভাবে ছুটি কার্যকর হবে। তবে সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই দীর্ঘ অবকাশে যেতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ২৪ মে (রোববার) থেকে। এর আগে ২২ মে (শুক্রবার) ও ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবার হবে শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। ফলে ওইদিন ক্লাস শেষে শিক্ষার্থীরা ছুটির আমেজে প্রবেশ করবে।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন (রোববার) থেকে পুনরায় ক্লাস শুরু হবে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করবে।

অন্যদিকে, দেশের সব আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদ্রাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে।

জুন মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জুলাই ও আগস্ট মাসেও কয়েকটি সরকারি ছুটি রয়েছে। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসেও জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা ও গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় শিক্ষার্থীদের বিশ্রাম ও অবকাশ যাপনের সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।