ঢাবি ক্যাম্পাসে বহিরাগতকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়।   ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ভরদুপুরে এক বহিরাগতকে ছুরি দেখিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

রবিবার (১০ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে টিএসসির জনতা ব্যাংক এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনতা ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করে অটোরিকশাযোগে বের হওয়ার সময় দুই ছিনতাইকারী অটোরিকশার গতি রোধ করে যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ভুক্তভোগীকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বর্ণনা তুলে ধরে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

তিনি লেখেন, “আজ দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে টিএসসির জনতা ব্যাংক এটিএম বুথের সামনে ছিনতাই হয়েছে। দুইজন ছিনতাইকারী একটি অটোরিকশার পথরোধ করে যাত্রীকে ছুরি দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী ক্যাম্পাসের শিক্ষার্থী নন, তিনি ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছিলেন। ক্যাম্পাসের মধ্যে এমন ভয়াবহ নিরাপত্তাহীনতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।”

ক্যাম্পাসে নিয়ন্ত্রিত রিকশা ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। আসিফ আব্দুল্লাহ বলেন, নির্দিষ্ট পোশাকের আওতায় রিকশা চলাচল নিয়ন্ত্রণ, চালকদের তালিকা প্রস্তুত ও ভাড়ার তালিকা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেও প্রশাসনের সহযোগিতার অভাবে কার্যক্রমটি বাস্তবায়ন হচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ফোর্স না দেওয়ায় পুরো উদ্যোগ স্থবির হয়ে আছে। বারবার যোগাযোগ করেও ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, প্রবেশপথে নজরদারি বৃদ্ধি এবং বহিরাগত নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।