শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের, শিক্ষা, শিক্ষা খাত, এহসানুল হক মিলন, জিডিপির ৫ শতাংশ বিনিয়োগ, শিক্ষামন্ত্রী, বিনিয়োগ, শিক্ষা খাতে বিনিয়োগ,
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা সরকারের।   ছবি: সংগৃহীত

দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনতে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার বড় পরিসরে বিনিয়োগে প্রস্তুত। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতের সরকার শিক্ষা খাতে জিডিপির দেড় শতাংশের বেশি বিনিয়োগ করতে পারেনি। বর্তমান সরকার দক্ষ মানবপুঁজি তৈরির লক্ষ্যে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

ড. এহছানুল হক মিলন বলেন, শুধু প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে কার্যকর অগ্রগতি হয়নি এবং সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি ছিল। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম চালুর উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

ড. মাহদী আমিন বলেন, শিক্ষকতা পেশাকে এমন মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে, যাতে দেশের মেধাবী তরুণরা এটিকে তাদের প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করে।