রুয়েট শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৫২৫ নম্বর কক্ষে আগুনে ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
রুয়েট শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৫২৫ নম্বর কক্ষে আগুনে ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।   ছবি: আরটিএনএন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শেরে বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে হলের ৫২৫ নম্বর কক্ষে এ আগুন লাগে। এতে একটি ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

ওই কক্ষের বাসিন্দা ও ভুক্তভোগী যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হাসান রনক বলেন, তিনি ও দুই রুমমেট রাত আনুমানিক ১টার দিকে একজন নিকটাত্মীয়কে হাসপাতালে দেখতে যান। পরে ভোর ৪টা ৩০ মিনিটে রুমে ফিরে এসে দেখেন কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং তাঁর ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।

তিনি আরও জানান, ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী মিলে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা লাগে। এ সময় প্রায় ৪ থেকে ৫টি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

হলের সহকারী প্রভোস্ট ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, খবর পেয়ে সকালে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ শহীদ শহীদুল ইসলাম হলে এবং ২৬ এপ্রিল হামিদুল ইসলাম হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা তিন মাসে রুয়েটের তিনটি পৃথক হলে এ ধরনের ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।