ব্যানার বিতর্কে উত্তপ্ত মুহসীন হল, বাড়ছে সংঘাতের আশঙ্কা।
ব্যানার বিতর্কে উত্তপ্ত মুহসীন হল, বাড়ছে সংঘাতের আশঙ্কা।   ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে হল সংসদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) রাত প্রায় ১০টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়, যা পরবর্তীতে পুরো হল এলাকায় টানটান পরিস্থিতির সৃষ্টি করে।

জানা গেছে, হলের সংস্কৃতি সম্পাদক জুলহাসের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে হল সংসদের পক্ষ থেকে একটি ব্যানার টানানো হয়। হলের প্রধান ফটকে টানানো ওই ব্যানারে অভিযুক্ত হিসেবে ছাত্রদল নেতা রবিনের ছবি ব্যবহার করা হয় এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তির দাবি তোলা হয়। ব্যানারটি টানানোর কিছুক্ষণ পরই তা ছিঁড়ে ফেলেন ছাত্রদলের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে হল সংসদের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, হামলার বিচার দাবি করে টানানো একটি প্রতিবাদী ব্যানার ছিঁড়ে ফেলা উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি দোষীদের আড়াল করার চেষ্টা। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে, ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের দাবি, সুনির্দিষ্ট কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই তাদের এক নেতাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, এটি রাজনৈতিকভাবে তাদের হেয় করার একটি চেষ্টা এবং প্রকৃত ঘটনা আড়াল করার কৌশল।

ঘটনার পর উভয় পক্ষের নেতাকর্মীরা হল এলাকায় অবস্থান নিলে উত্তেজনা আরও বাড়তে থাকে। যদিও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি যে কোনো সময় অবনতির আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এমন পরিস্থিতিতে হল প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে হল সংসদের এক নেতা বলেন, হামলার বিচার না করে উল্টো প্রতিবাদের কণ্ঠ রোধ করতে ব্যানার ছেঁড়া অত্যন্ত দুঃখজনক। অপরদিকে ছাত্রদলের একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, “প্রমাণ ছাড়াই আমাদের নেতাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”

তবে এ ঘটনার বিষয়ে এখনো হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সার্বিক বিষয়টি নজরদারিতে রেখেছে। 

সাকিব/এসএস