রাবির ছবি সংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড পেল শিক্ষার্থীরা , ইসলামী ব্যাংক, এটিএম কার্ড, রাবি, রাকসু,
রাবির ছবি সংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড পেল শিক্ষার্থীরা ।   ছবি: আরটিএনএন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের ছবিসংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাকসু ভবনের সামনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা টানা তিন দিন চলবে বলে জানা গেছে।

রাবির স্টুডেন্ট আইডি কার্ডধারী সব শিক্ষার্থী এই কার্ড গ্রহণের সুযোগ পাচ্ছেন। যাদের ইতোমধ্যে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তারা পুরোনো কার্ড জমা দিয়ে নতুন কার্ড নিতে পারছেন। এছাড়া নতুন শিক্ষার্থীরা অন-স্পট স্বল্প সময়ের মধ্যেই নতুন অ্যাকাউন্ট খুলে কার্ড সংগ্রহ করতে পারছেন।

অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে এনআইডি থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীর এনআইডি, স্টুডেন্ট আইডি কার্ড এবং নমিনির এনআইডি প্রয়োজন। আর যাদের এনআইডি নেই, তারা জন্মনিবন্ধন সনদ, স্টুডেন্ট আইডি, শিক্ষার্থীর ছবি, নমিনির ছবি ও নমিনির এনআইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারছেন।

এছাড়া বুথে আসার আগে শিক্ষার্থীদের মোবাইলে ‘সেলফিন’ অ্যাপ ইনস্টল করে আনার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দ্রুততার সঙ্গে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

কার্ড গ্রহণ বা ব্যবহারের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক নয়। তবে পাসপোর্ট থাকলে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ডুয়েল কারেন্সি বা আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা চালু করা সম্ভব। পরবর্তীতে আলুপট্টি শাখা থেকেও এই সুবিধা সক্রিয় করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ছবিসংবলিত এ কার্ড নিতে আসা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী উম্মে জইনব বলেন, ‘আমি এর আগে স্টুডেন্ট হিসেবে এমন কার্ড ব্যবহার করিনি। ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেখে মনে হলো, এটি নেওয়া দরকার। আগে থেকেই প্রক্রিয়া জানিয়ে দেওয়ায় কার্ড পেতে তেমন ঝামেলা হয়নি। ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করে একটি সাইন করে কার্ড পেয়ে গেছি। কার্ডটি পেয়ে আমি অনেক আনন্দিত।’

আরবি বিভাগের শিক্ষার্থী আবু তালহা বলেন, “আমি রাকসুর পেজ থেকে জানতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইসলামী ব্যাংক শাখার পক্ষ থেকে রাবির ছবিসংবলিত বিশেষ কার্ড দেওয়া হচ্ছে। কার্ডটি নেওয়ার জন্য আমাদের তেমন বেশি কষ্ট করতে হয়নি। অনলাইনের মাধ্যমেই সব কাজ সম্পন্ন হয়েছে। স্টুডেন্ট এনআইডি, বাবা-মায়ের এনআইডি এবং নমিনির এনআইডি দিয়ে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে খুব সহজেই কার্ডটি পেয়েছি। ক্যাম্পাসে এসেই এমন একটি কার্ড পেয়ে অনেক ভালো লাগছে।”

এ বিষয়ে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহায়তা এবং রাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আমরা ফ্রি এটিএম কার্ড বিতরণ করছি। যাদের স্টুডেন্ট কার্ড রয়েছে, তারাই এই কার্ডটি পাবে। এতে লেনদেন চার্জ নেই এবং কার্ডটিও ফ্রি। এছাড়াও অন্যান্য সুবিধার মধ্যে আন্তর্জাতিক পেমেন্ট, শিক্ষা ফি বিনামূল্যে পরিশোধ করা যাবে। শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সিস্টেমকে আরও সহজ করা এবং আর্থিক লেনদেন সহজতর করাই এ উদ্যোগের লক্ষ্য। এই কার্যক্রম তিন দিনব্যাপী চলমান থাকবে।’