রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাস চলাচলের সিডিউল পরিবর্তন করায় শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাস চলাচলের সিডিউল পরিবর্তন করায় শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেন।   ছবি: আরটিএনএন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাস চলাচলের সিডিউল পরিবর্তনে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এতে শিক্ষার্থীরা বেরোবি পরিবহন পুলের ওপর অসন্তোষ প্রকাশ করছে।

গত ৬ই এপ্রিল পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানা একটি নোটিশের মাধ্যমে জানান, 'সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অফিস টাইম বিকেল ৪.০০টা পর্যন্ত। তাই আগামীকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ৩.৩০টার ট্রিপ বন্ধ থাকবে। বিকেল ৫.১০টার পরিবর্তে ৪.১০টায় সকল রুটের বাস ক্যাম্পাস হতে ছেড়ে যাবে।'

শিক্ষার্থীদের যাতায়াতের সময়ের সঙ্গে মিল না রেখে সিডিউল পরিবর্তন করায় শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা হচ্ছে। টিউশনে যাওয়ার জন্য অথবা বাসায় ফেরার জন্য সময়মতো বাস না পাওয়ায় অটো বা রিকশায় শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে। ফলে শিক্ষার্থীরা বাসের সিডিউল নিয়ে অনেক অভিযোগ করছে।

বেরোবি শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, "আমাদের ক্লাসগুলো ৪:৩০টায় শেষ হয়। ৪:১০টায় বাসে যাওয়া অনেকের জন্য সম্ভব হয়ে ওঠে না। ৫:১০টার বাস না চলায় বেশিরভাগ শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে। ৫:১০টার বাস সিডিউলটা পুনরায় চালু করার বিষয়টি বিবেচনায় রাখলে স্টুডেন্টদের জন্য ভালো হবে।"

আরেকজন শিক্ষার্থী মোঃ শরীফ ইসলাম বলেন, "৩:৩০টার বাস অফ করার কোন কারণ দেখি না। যদি ৩:৩০টার বাস অফ করতেই হয়, তাহলে ৩:১০টায় বাস দেন। তাহলে ওই বাস ৪:১০টায় এসে ধরতে পারবে। বিকালের বাস বন্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক। দরকার হলে সকালের একটা ট্রিপ কমান। কিন্তু বিকালের ট্রিপ কমালে আমাদের যারা টিউশন করে, তাদের অনেক সমস্যা হয়ে যাবে। আমরা ৯০% শিক্ষার্থী টিউশন করে চলি। আমাদের দিকটা একটু বিবেচনা করবেন।"

এই সমস্যার ব্যাপারে পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানা বলেন, "আমরা খুব দ্রুত নতুন করে সিডিউল তৈরি করবো। নতুন ব্যবস্থায় কাউনিয়া রুটে বাস চলাচল বন্ধ হতে পারে। কারণ এ রুটে সবচেয়ে কম শিক্ষার্থী যাতায়াত করে।"

ক্লাস দেরিতে শেষ হয়ে বাস মিস হওয়ার বিষয়ে তিনি বলেন, "এটি যিনি ক্লাস নেন, তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী অফিস সময় বিকেল ৪টা পর্যন্ত, এবং সেই নিয়ম সবার মানা উচিত।"

বাসের সিডিউল পরিবর্তনজনিত সমস্যা ছাড়াও বিআরটিসি চুক্তিকৃত বাসগুলোর ত্রুটিগত সমস্যা ও অনিয়মে অসন্তুষ্ট শিক্ষার্থীরা। এসব সমস্যার দ্রুত সমাধান চায় বেরোবি শিক্ষার্থীরা।