ঢাবিতে ‘জঙ্গি তৎপরতা’ নিয়ে ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগ।
ঢাবিতে ‘জঙ্গি তৎপরতা’ নিয়ে ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগ।   ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘জঙ্গি তৎপরতা’ সংক্রান্ত ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে আওয়ামীপন্থি কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে। বুধবার (২৯ এপ্রিল) ‘দিনপত্র’ ও ‘আজকের পত্রিকা’ নামের দুটি ফেসবুক পেজে সংবাদ আকারে এসব তথ্য প্রচার করা হয়, যা পরে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গি সংশ্লিষ্ট তৎপরতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং এ বিষয়ে শিক্ষার্থীরা স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। এসব দাবির পক্ষে প্রমাণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের বক্তব্যও যুক্ত করা হয়। তবে বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন প্রক্টর। 

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি এবং এ বিষয়ে কেউ তার সঙ্গে যোগাযোগও করেনি। পাশাপাশি তার কাছে জঙ্গি তৎপরতা সংক্রান্ত কোনো তথ্য নেই বলেও তিনি নিশ্চিত করেছেন।

‘দিনপত্র’ নামের পেজে প্রকাশিত একটি পোস্টে “ঢাবি ক্যাম্পাসে জঙ্গি তৎপরতার অভিযোগ, টিটিপি-আইএস-হিজবুত তাহরির নিয়ে উদ্বেগ, স্বচ্ছ তদন্তের দাবি শিক্ষার্থীদের” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ দপ্তরের এক সহকারী পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। একই সময়ে ‘আজকের পত্রিকা’ নামের আরেকটি পেজেও প্রায় একই ধরনের ভাষায় একই ব্যক্তিকে জড়িয়ে অভিযোগ প্রকাশ করা হয় এবং সেখানে প্রক্টরের নামে ভুয়া বক্তব্য সংযুক্ত করা হয়।

ইতোমধ্যে ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবেদনশীল তথ্য ছড়ানো বিভ্রান্তি তৈরি করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এ ধরনের ভুয়া সংবাদ প্রচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাকিব/ইমরান