প্রথম বর্ষেই বৈধ সিটের দাবি ডাকসুর
প্রথম বর্ষেই বৈধ সিটের দাবি ডাকসুর   ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বৈধ আবাসিক সিট নিশ্চিতের দাবিতে একটি কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল: ‘প্রথম বর্ষে বৈধ সিট করতে হবে নিশ্চিত’, ‘এক দুই তিন চার, আদু ভাই সিট ছাড়’, এবং ‘সিট বণ্টনের নীতিমালা দিতে হবে’ ইত্যাদি।

কর্মসূচি শেষে ডাকসুর নেতৃবৃন্দ উপাচার্য কার্যালয়ের সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রেজিস্ট্রার ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

এ সময় ডাকসুর এজিএস মুহাম্মদ মহিউদ্দিন খান জানান, প্রশাসন ৩০ এপ্রিলের মধ্যে সিট বরাদ্দ সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট অগ্রগতি দেখা যায়নি। তিনি প্রশাসনের প্রতিক্রিয়াকে ‘মিশ্র’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, বিষয়টি নিয়ে অযথা সময়ক্ষেপণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, কিছু কিছু হলে সিট বরাদ্দ কার্যক্রম শুরু হলেও অনেক হলে এখনো ভাইভা কিংবা প্রাথমিক প্রক্রিয়াই শুরু হয়নি। প্রশাসনের সদিচ্ছা থাকলে অনেক আগেই এই সমস্যার সমাধান সম্ভব ছিল বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি দীর্ঘায়িত করা হচ্ছে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, যেসব শিক্ষার্থীর সিটের মেয়াদ শেষ হয়েছে, তাদের দ্রুত হল ত্যাগ নিশ্চিত করতে হবে এবং সেই সিটগুলো নতুন শিক্ষার্থীদের মধ্যে বরাদ্দ দিতে হবে। তিনি আরও বলেন, এমন একটি নীতিমালা প্রণয়ন জরুরি, যেখানে সেশনভিত্তিক আবাসন ব্যবস্থা নিশ্চিত হবে এবং পুনরায় ভর্তি (রি-অ্যাড) নিয়ে হলে দীর্ঘদিন অবস্থানের সংস্কৃতি বন্ধ করা যাবে। এ বিষয়ে খুব শিগগিরই ডাকসুর পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে আবাসন সংকট নিরসনে ডাকসুর পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, সকল হলের জন্য স্বচ্ছ সিট বণ্টন নীতিমালা প্রণয়ন, নীতিমালা অনুযায়ী অযোগ্যদের সিট বাতিল এবং কেবল বৈধ আবাসিক শিক্ষার্থীদের হলে অবস্থান নিশ্চিত করা। 

সাকিব/এসএস