লাল সোনাইল ও রেড স্যালভিয়ার সৌন্দর্যে ভরে উঠেছে বেরোবি,
মনোরম ফুল ফোটার দৃশ্য।   ছবি: আরটিএনএন

চৈত্র সংক্রান্তিতে আর বৈশাখের আগমনে যেন নতুনভাবে ক্যাম্পাসকে সাজাতে ফুটে উঠেছে নানা রঙের ফুল। এর মধ্যে লাল সোনাইল, সাদা রঙের উলু ফুল ও রেড স্যালাভিয়া উল্লেখযোগ্য। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি মাঠ ,স্মারক মাঠ ও হলের সামনে গেলে এইসব ফুলের দেখা মিলছে। 

শিক্ষার্থীরা বিমোহিতচিত্তে আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে এইসব ফুলের সঙ্গে ছবি তুলছে। এমন কিছু ফুল বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি শিক্ষার্থী ও দর্শনার্থীদের আকর্ষিত করছে।

কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নিতে গেলে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিমা তাবাসসুম বলেন, 'ফুল গুলো যেমন বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করছে তেমনি আমাদের মনে প্রশান্তি নিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বপ্নগুলাও একদিন ঠিক এভাবেই সুন্দর করে ফুটে উঠবে'

এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, 'আমরা উলু ফুলের শুভ্রতা উপভোগ করছি এবং এখানে এসে ছবি তুলছি। সারাদিনের ক্লান্তি ঘোচাতে সবাই এখানে এসেছি'

শহীদ মুখতার ইলাহী হলের শিক্ষার্থী অর্ঘ্য দীপ মজুমদার বলেন, 'হল থেকে বের হওয়ার পথেই লাল রঙের স্যালভিয়া ফুল দেখতে পাই। এগুলো হলের সৌন্দর্য বর্ধন করছে পাশাপাশি আমাদের মনকেও প্রফুল্ল রাখছে।’

উলু ফুল একটি বুনো ঘাসজাতীয় উদ্ভিদ। দূর থেকে দেখলে মনে হয় সাদা তুলোর মতো। উলু ফুলের বৈজ্ঞানিক নাম (স্যাচারাম স্পন্টেনিয়াম) কিছু গ্রামীণ কাজে (ছাউনি ইত্যাদি) এর ডাঁটা ব্যবহার করা হয়। উলু ফুল প্রকৃতির এক সুন্দর উপহার, যা শরতের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে।

এছাড়াও ক্যাম্পাসের আনাচে কানাচে লাল সোনাইল ও রেড স্যালভিয়া ফুল ফুটছে। রেড স্যালভিয়া ফুলকে স্কারলেট সেজও বলা হয়। উজ্জ্বল লাল রঙের লম্বা থোকা আকৃতির ফুল এটি।