ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ
ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ।   ছবি: আরটিএনএন

শাহবাগে ডাকসুর দুই নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে ডাকসু কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময়  বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি বড় আকার ধারণ করে।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— “ছাত্রদলের সন্ত্রাস ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস”, “সন্ত্রাস করে কোন দল—জাতীয়তাবাদী ছাত্রদল” ইত্যাদি। তারা হামলার ঘটনার বিচার দাবি করে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

মিছিলে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ। তিনি বলেন, ছাত্রদল পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাত সৃষ্টি করছে এবং ক্যাম্পাস ও আবাসিক হলগুলো দখলের অপচেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে ছাত্রদলের কর্মীরা শিবিরের এক নেতাকর্মীর ওপর নৃশংস হামলা চালিয়ে তার পায়ের গোড়ালি ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়।

তিনি আরও বলেন, “ছাত্রদলের ভাইদের আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—হল দখলের স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে পারবে না। আমাদের রক্তের ওপর দিয়ে যেতে হবে, তবেই এমন কিছু সম্ভব হবে।” একই সঙ্গে তিনি ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদারের দাবি করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাসহ বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা হামলার ঘটনাকে “পরিকল্পিত ও ন্যাক্কারজনক” উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।