খুলনার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে হাতের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
খুলনার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে হাতের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।   ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে হাতের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মুহাম্মাদ ওয়াসিক বিল্লাহ, তিনি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ২৩ এপ্রিল রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। একই বিভাগের শিক্ষার্থী কুশল দীপ মণ্ডল, নাসিফ মাহবুব খান আদিবসহ আরও কয়েকজন এতে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, নাসিফ মাহবুব খান আদিবের গার্লফ্রেন্ডকে নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এর জেরে হামলাকারীরা মোবাইল ফোনে তাকে বাসা থেকে তুলে আনার হুমকি দেয় এবং গালিগালাজ করে। পরে পকেট গেট এলাকায় একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় ওয়াসিক বিল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার হাতের আঙুল ভেঙে গেছে এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

তবে বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের দাবি, হামলাকারীরা ছাত্রদলের সক্রিয় কর্মী এবং ভিসিবিরোধী আন্দোলনে অনশনসহ সক্রিয় ভূমিকা রাখায় ভুক্তভোগী শিক্ষার্থী আগে থেকেই তাদের লক্ষ্যবস্তু ছিলেন। তাদের মতে, তুচ্ছ একটি কারণকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মুহাম্মাদ ওয়াসিক বিল্লাহ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।