ভর্তি পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।   ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষাকে সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ:

১) ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে।

২) অনলাইনে আবেদনকালে আপলোডকৃত ছবি চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ছবিতে কোনো ধরনের টেম্পারিং করা হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

৩) পরীক্ষার কমপক্ষে ৩ দিন আগে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রের আসন বিন্যাস জেনে নিতে হবে।

৪) কেন্দ্র কর্তৃপক্ষ নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে বসে পরীক্ষা দিতে হবে।

৫) পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।

৬) প্রবেশপত্র, অ্যাটেনডেন্স শিট ও OMR শিটে পরীক্ষার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।

৭) উত্তরপত্রে অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার করা যাবে না।

৮) প্রবেশপত্র ও HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

৯) মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করা যাবে না।

১০) কক্ষের প্রধান পরিদর্শক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১১) OMR শিটে কোনো ধরনের সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা হলে উত্তরপত্র বাতিল হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা না হলে পরীক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।