ইউআইটিএস শিক্ষার্থীদের নিয়ে ডিএসইতে প্রশিক্ষণ কর্মশালা
ইউআইটিএস শিক্ষার্থীদের নিয়ে ডিএসইতে প্রশিক্ষণ কর্মশালা।   ছবি: সংগৃহীত

পুঁজিবাজার বিষয়ে একাডেমিক জ্ঞান বিস্তার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেনিং একাডেমির উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর শিক্ষার্থীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মো. হোসেন মিয়াজীর নেতৃত্বে কর্মশালায় অংশগ্রহণ করে। দিনব্যাপী এ কর্মসূচি ছিল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পরিচালিত পুঁজিবাজারভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণের অংশ।

কর্মশালায় ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান পুঁজিবাজারের মৌলিক কাঠামো, স্টক মার্কেট অপারেশন্স, বিনিয়োগ কৌশল এবং সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক ধারণা অর্জন পুঁজিবাজারে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যপ্রণালী, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিনিয়োগের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভের সুযোগ পান। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের প্রবৃদ্ধি সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।