রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা,
রাজশাহী নার্সিং কলেজ শাটডাউনের দৃশ্য।   ছবি: আরটিএনএন

অধ্যক্ষ নিয়োগের দাবিতে রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কলেজে তালা মেরে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

৩ মাস যাবৎ অধ্যক্ষ না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে দাবি করে শিক্ষার্থীরা বলেন, প্রায় ৩ মাস যাবৎ অধ্যক্ষ নেই। ফলে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে প্রশাসনিক সংকটে চরম অনিশ্চয়তার মাঝে সময় কাটছে। এমন চলতে থাকলে সেশন জটের চরম আশঙ্কা রয়েছে।

এসময় আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, দ্রুত স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জোর দাবিতে এ কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি আমরা। দাবি মানার আগ পর্যন্ত সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে গত শনিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ নিয়োগের দাবিতে ওইদিন ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সোমবার ছিল আল্টিমেটামের শেষ দিন। বিকেল পর্যন্ত নার্সিং অধিদফতর থেকে অধ্যক্ষ নিয়োগ করে প্রজ্ঞাপন না আসায় কঠোর কর্মসূচির কথা জানান শিক্ষার্থীরা।