এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন  হয়েছে।
এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে।   ছবি: আরটিএনএন

এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা “হাসান নাসিমের মুক্তি চাই”, “মতপ্রকাশের স্বাধীনতা হরণ চলবে না” এবং “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও”সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, হাসান নাসিমকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। তারা বলেন, একজন সচেতন নাগরিক ও অ্যাক্টিভিস্ট হিসেবে সামাজিক ও নাগরিক অধিকার নিয়ে সোচ্চার থাকার কারণেই তাকে টার্গেট করা হয়েছে।

ছাত্রশক্তির নেতারা বলেন, একজন নাগরিকের মতপ্রকাশের অধিকার সংবিধানস্বীকৃত। সেই অধিকার প্রয়োগের কারণে কাউকে গ্রেপ্তার করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা অবিলম্বে হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে ভিন্নমত দমনের প্রবণতা বেড়েছে, যা দেশের শিক্ষাঙ্গন ও গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত। দাবি আদায় না হলে সারাদেশের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন সাধারণ শিক্ষার্থীও বক্তব্য রাখেন। তারা বলেন, আজ একজনের বিরুদ্ধে অন্যায় হলে আগামীতে অন্যরাও একই পরিস্থিতির শিকার হতে পারেন। তাই অন্যায়ের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি।