রাতের আঁধারে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগালো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।
রাতের আঁধারে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগালো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।   ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার লাগিয়েছে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

রবিবার (১৯ এপ্রিল)রাতের আঁধারে একটি সংঘবদ্ধ গ্রুপ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ পোস্টার লাগায়। এর মধ্যে রয়েছে জগন্নাথ হল, কলা ভবন, ডাকসু ক্যাফেটেরিয়া, শ্যাডো, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল মসজিদ, নাটমন্ডল, কার্জন হল, সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, শামসুন্নাহার হল, সূর্যসেন হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল এবং আইন অনুষদ ভবনসহ বিভিন্ন এলাকা।

পোস্টারগুলোতে মূল বার্তা হিসেবে লেখা ছিল—“ছাত্রলীগের শিক্ষার্থীদের অবৈধ একাডেমিক বহিষ্কার তুলে নিতে হবে, শিক্ষার অধিকার ফেরত চাই।” পোস্টারের নিচে সংগঠনটির নাম উল্লেখ করা হয় “বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়” হিসেবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।