ডাকসুর উদ্যোগে দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা।
ডাকসুর উদ্যোগে দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা।   ছবি: আরটিএনএন

ডাকসুর উদ্যোগে দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা।  ১৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে হকি ম্যাচ দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়, যেখানে ৮–০ ব্যবধানে জয় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়।

দীর্ঘদিন বন্ধ থাকার পর এই প্রতিযোগিতা পুনরায় চালুর পেছনে রয়েছে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টা। খেলোয়াড়দের জন্য দেশের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাওয়ার পর তা পুনরায় চালুর দাবিতে তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও বৈঠক করেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাচে সংঘর্ষের ঘটনার পর এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় কোনো উদ্যোগ না থাকায় দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়া কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিযোগিতা পুনরায় চালু করাকে প্রধান লক্ষ্য হিসেবে নেন আরমান হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেন। তার ভাষ্য অনুযায়ী, বাজেট সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে তাকে।

প্রায় ছয় মাসের প্রচেষ্টার পর গত ৪ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়। আজকের হকি ম্যাচের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হলো।

এই উদ্যোগে ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েম এবং অন্যান্য সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের ক্রীড়া সম্পাদক, এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তারা সহযোগিতা করেন।

আয়োজকরা জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে এই প্রতিযোগিতার সব ইভেন্ট শেষ করার পরিকল্পনা রয়েছে। এতে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।