বেরোবিতে ডাক বিভাগের নতুন ডাকবাক্স উদ্বোধন, সেবার সূচনা, শিক্ষা, বেরোবি, ডাক, ডাক বাক্স,
ডাক বাক্স উদ্বোধনের দৃশ্য।   ছবি: আরটিএনএন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-তে ডাক বিভাগের নতুন একটি ডাকবাক্স উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাকবাক্সটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, নতুন এই ডাকবাক্স স্থাপনের ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এখন থেকে ক্যাম্পাস থেকেই সহজে তাদের প্রয়োজনীয় চিঠিপত্র প্রেরণ করতে পারবেন। এতে তাদের আর দূরে গিয়ে ডাকঘর খুঁজতে হবে না, ফলে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ডাকবাক্সের মাধ্যমে সেবা শুরু হলেও ভবিষ্যতে ক্যাম্পাসে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠলে একটি পূর্ণাঙ্গ পোস্ট অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং রংপুর ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ইসরাত জাহান নূরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রংপুর ডাক বিভাগের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সেবা নিশ্চিতের আশ্বাস দেন। পরে উপাচার্য উপস্থিত সকলকে নিয়ে ডাকবাক্সে চিঠি ফেলে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেন।