বেরোবিতে দ্বিতীয়বার আবু সাঈদ বইমেলা শুরু, শিক্ষা, বেরোবি, আবু সাঈদ বই মেলা, আরটিএনএন,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।   ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা’। আগামী ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ আবু সাঈদ বইমেলার পাশাপাশি চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ এপ্রিল সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা।

একই দিনে সকাল ১১টা থেকে অ্যাকাডেমিক ভবনগুলোর সামনে বৈশাখী মেলা বসবে, যেখানে বিভিন্ন বিভাগের স্টল থাকবে। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বইমেলার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, গত বছরের মতো এবারও শহীদ আবু সাঈদের স্মরণে এই বইমেলার আয়োজন করা হয়েছে। ১২ এপ্রিল বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের পিতা।

তিনি আরও জানান, জ্বালানি সংকটের কারণে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এছাড়া প্রতিদিন বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন আয়োজন করেছে। এর অংশ হিসেবে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।