বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যাপক পদে পদোন্নতি কার্যকর এবং অন্যান্য পদের জন্য দ্রুত পদোন্নতি বোর্ড গঠনের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ৫ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষকরা। শুক্রবার (১০ এপ্রিল) উপাচার্যের দপ্তরে পদোন্নতি প্রত্যাশী শিক্ষকরা এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেন।
শিক্ষকদের একটি সূত্র জানায়, স্মারকলিপি দেওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে অধ্যাপক পদে পদোন্নতি প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। বৈঠকে তিনি জানান, আগামী ১৩ এপ্রিল ইউজিসির সঙ্গে বৈঠকে পদোন্নতির বিষয়টি গুরুত্বসহকারে উত্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৪ জন সহযোগী অধ্যাপকের বোর্ড কার্যক্রম শেষ হলেও এখনো তাদের পদোন্নতি কার্যকর হয়নি। প্রশাসন ও ইউজিসির দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালায় সময় পূরণ হলেও অভিন্ন নীতিমালার কিছু শর্তে তারা এখনো পুরোপুরি যোগ্য নন। এ বিষয়ে ইউজিসিরও আপত্তি রয়েছে।
স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, দীর্ঘদিনের এই জটিলতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ চরম মানসিক চাপ, অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছেন। এর প্রভাব তাদের পেশাগত দায়িত্ব থেকে শুরু করে ব্যক্তিজীবনেও পড়ছে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক।
তারা আরও বলেন, প্রায় ৬০ জন শিক্ষক ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত সময় ধরে পদোন্নতির অপেক্ষায় আছেন। কিন্তু এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় শিক্ষকদের মধ্যে হতাশা বাড়ছে।
শিক্ষকদের দাবিগুলো হলো—
১. ইতোমধ্যে সম্পন্ন হওয়া ২৪ জন সহযোগী অধ্যাপকের বোর্ডের সিদ্ধান্ত আগামী ৫ কার্যদিবসের মধ্যে সিন্ডিকেটে উপস্থাপন করে পদোন্নতির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
২. ৩৬ জন শিক্ষকের (লেকচারার থেকে সহকারী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক) পদোন্নতি বোর্ড একই সময়ের মধ্যে শুরু করতে হবে এবং বিদ্যমান নীতিমালা অনুযায়ী স্বচ্ছ ও সমান প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
স্মারকলিপিতে শিক্ষকরা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত, ন্যায়সংগত ও মানবিক সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে শিক্ষকরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও উল্লেখ করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!